জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গঠনের প্রধান শক্তি। তিনি শিশুদের সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিকে স্বাগত জানান। ডা. জুবাইদা রহমান শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের সৃজনশীলতা ও প্রতিভার প্রশংসা করেন।
বক্তব্যে তিনি বলেন, সঠিক শিক্ষা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে শিশুরা ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তাদের মেধা, দক্ষতা ও সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, শৈশব থেকেই সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা জরুরি। এসব গুণাবলি শিশুদের দায়িত্বশীল, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে এবং দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

