বিশিষ্ট লেখক, গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজার নামাজ সোমবার অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনভর বিভিন্ন স্থানে তার প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

সোমবার ফজরের নামাজের পর রাজধানীর মিরপুরের পল্লবীর মসজিদুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলা একাডেমিতে, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে রাখা হবে।

রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। পরিবারের সদস্যরা জানান, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি দীর্ঘদিন একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। পরবর্তীকালে বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেন। বাংলা ভাষার চর্চা ও সর্বস্তরে এর ব্যবহারের প্রসারে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট প্রাবন্ধিক ও সম্পাদক। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ সাময়িকপত্র সম্পাদনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও ইতিহাসভিত্তিক ২০টিরও বেশি গ্রন্থ রচনা করেন। এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদনার দায়িত্বও পালন করেন। সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version