রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্ক আরও সম্প্রসারণের অংশ হিসেবে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর বর্ধিত অংশ ২০২৭ সালের এপ্রিল মাসে যাত্রীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, প্রাথমিক পরীক্ষার সময় যাত্রীবিহীন ট্রেন উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে চলবে। নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় এই ট্রায়াল পরিচালিত হবে।

প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজের অগ্রগতি ইতোমধ্যে উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। ভায়াডাক্ট, রেললাইন এবং নতুন স্টেশন নির্মাণসহ সামগ্রিক কাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অভ্যন্তরীণ বিভিন্ন অবকাঠামোর কাজ চলছে।

এ ছাড়া স্টেশনের মূল কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ—যেমন পাইল, পিয়ার, কলাম, প্ল্যাটফর্ম, ট্র্যাক স্ল্যাব, কনকোর্স, প্যারাপেট ওয়াল ও স্টিলের ছাদ নির্মাণ শেষ হয়েছে। খুব শিগগিরই স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

বর্তমানে স্টেশনের প্রবেশপথ, দেয়ালের টাইলস, কাচ স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাইরের রঙের কাজ চলছে। একই সঙ্গে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছিল। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version