উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় আবহাওয়ার অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর জেরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলসংলগ্ন অঞ্চলে থাকা সুস্পষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে মৌসুমি নিম্নচাপে রূপ নিয়েছে।

রোববার দুপুর ১২টার পর্যবেক্ষণে দেখা যায়, নিম্নচাপটির অবস্থান ছিল মোংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। এছাড়া এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৫১০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে নিম্নচাপের কেন্দ্রের আশপাশে ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। দমকা হাওয়ার সময় এ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version