
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাকে ঘিরে রাজধানী তেহরানে শোকের পাশাপাশি প্রতিশোধের বার্তাও উঠে এসেছে। শনিবার (৪ জুলাই) জানাজা উপলক্ষে আয়োজিত শোকমিছিলে বহু সমর্থককে হাতে লাল পতাকা বহন করতে দেখা যায়, যা ইরানের শিয়া রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ ইসলামি বলেন, খামেনির সমর্থকদের কাছে লাল পতাকা প্রতিশোধের প্রতীক। তাদের দাবি, যাঁরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানই এই পতাকার মূল বার্তা।
তিনি আরও বলেন, খামেনি শুধু একজন রাষ্ট্রীয় নেতা ছিলেন না; ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোতে তাঁর অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী।
এদিকে জানাজায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে আসা লাখো মানুষের জন্য দেশজুড়ে ৫ হাজারের বেশি স্কুল খুলে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে জানা গেছে, তেহরানসহ বিভিন্ন প্রদেশে ৫ হাজারের বেশি স্কুল এবং ৪০ থেকে ৫০ হাজার শ্রেণিকক্ষ অস্থায়ী আবাসনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির শেষ বিদায়ে অংশ নিতে তেহরানে এক কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে। এছাড়া বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সূত্র: আল জাজিরা, আইএসএনএ
