ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ থেকে সফররত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে পৌঁছানোর পর তারা খামেনির স্মরণে আয়োজিত বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলটি ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে এবং রাষ্ট্রীয় বিদায়, জানাজা ও সংশ্লিষ্ট শোকানুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

জামায়াতের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। প্রতিনিধি দলে আরও রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. কেরামত আলী, মো. নুরুল আমীন, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা, ডা. এস. এম. খালিদুজ্জামান এবং এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

আয়াতুল্লাহ খামেনির স্মরণে ইরান কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানী তেহরানসহ একাধিক শহরে লাখো মানুষের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ এই ব্যাপক জনসমাগমকে দেশের জাতীয় ঐক্য ও রাজনৈতিক অবস্থানের প্রতীক হিসেবে তুলে ধরছে।

সরকারি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, খামেনির মৃত্যুর পর কয়েকটি শহরজুড়ে ধারাবাহিকভাবে জানাজা, শোকসভা এবং রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব আয়োজনে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জনগণকে ব্যাপকভাবে শোকানুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের উপস্থিতি জাতীয় সংহতি ও রাষ্ট্রের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version