পবিত্র হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৭ সালের হজযাত্রীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের নির্ধারিত হজ রোডম্যাপ অনুসরণ করে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগ্রহীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ সময়সূচি বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে তুলে ধরে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন অংশ নেন। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ তুলে দেন।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। এরপর ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

রোডম্যাপে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা প্রদান শুরু হবে। ৮ এপ্রিল থেকে হজযাত্রী বহনকারী ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে, ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version