প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং নিয়মিত বৃক্ষরোপণকে ব্যক্তিগত অভ্যাসে পরিণত করতে হবে।
সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর একটি করে গাছ লাগালে সময়ের সঙ্গে যেমন গাছটি বড় হবে, তেমনি নতুন প্রজন্মও বেড়ে উঠবে। দীর্ঘদিন পরিচর্যা করতে করতে একসময় সেই গাছ মানুষের জীবনেরই একটি অংশ হয়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, পরিবারের কোনো নতুন সদস্য জন্ম নিলে তার নামে একটি গাছ লাগানো যেতে পারে। এতে শিশুর বেড়ে ওঠার পাশাপাশি গাছটিও বড় হবে এবং পরিবারের সঙ্গে একটি আবেগঘন সম্পর্ক তৈরি হবে।
বক্তব্যে প্রধানমন্ত্রী সৌদি আরবের আরাফাত ময়দানে বাংলাদেশ থেকে পাঠানো নিমগাছের চারার কথাও স্মরণ করেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে পাঠানো সেই চারাগুলো থেকে জন্ম নেওয়া অনেক গাছ আজও আরাফাতে ছায়া দিয়ে পরিবেশের উপকার করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

