একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, টেলিভিশন নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামী মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে।

সোমবার (২৯ জুন) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তাঁর ছেলে সাদাত মনোয়ার এ তথ্য জানান। তিনি বলেন, আজ মরদেহ পরিবারের বাসভবনে রাখা হবে। জানাজা শেষে জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন করার পরিকল্পনা রয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার।

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

১৯৩৫ সালে মাগুরায় জন্ম নেওয়া মুস্তাফা মনোয়ার ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। চিত্রকলার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং বাংলাদেশে পাপেট বা পুতুলনাচের শিল্পকে জনপ্রিয় ও সমৃদ্ধ করতে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।

শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৪ সালে একুশে পদকে ভূষিত হন। তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Leave A Reply

Exit mobile version