বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সামরিক সম্পর্ক জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং প্রতিরক্ষা খাতে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষভাবে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। এছাড়া পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করতে বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।
আইএসপিআরের মতে, এই বৈঠক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সুসংহত করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

