ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম আবারও আলোচনায় এসেছেন নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়ে। তার দাবি, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের শিরোপা এবার উঠবে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে।
ব্রিটিশ ও আফ্রিকান কয়েকটি সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে কোয়াকু বলেন, আধ্যাত্মিকভাবে তিনি নাকি ইতোমধ্যেই বিশ্বকাপের ফলাফল দেখতে পেয়েছেন। তার ভাষায়, এবার বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান ঘটবে রোনালদোর।
২০১৪ সালের বিশ্বকাপের আগে প্রথম আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন এই ঘানীয় তান্ত্রিক। সে সময় তিনি দাবি করেছিলেন, নিজের তথাকথিত ‘কালো জাদু’র মাধ্যমে পর্তুগালের তারকা ফুটবলার রোনালদোকে সমস্যায় ফেলেছিলেন। যদিও ওই দাবির পক্ষে কখনো কোনো নির্ভরযোগ্য বা বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করা হয়নি।
নিজের পরিচয় সম্পর্কে কোয়াকু বলেন, তিনি ঘানার একটি প্রত্যন্ত এলাকার আশ্রমে আধ্যাত্মিক শক্তি অর্জন করেছেন এবং সেই শক্তি ব্যবহার করে প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে সক্ষম। তবে তার এসব দাবি স্বাধীনভাবে কখনোই প্রমাণিত হয়নি।
চলতি বিশ্বকাপ নিয়েও তিনি নতুন দাবি করেছেন। তার ভাষ্য, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের পারফরম্যান্সেও নাকি তার আধ্যাত্মিক প্রভাব ছিল। এবার অবশ্য তার সমস্ত ভবিষ্যদ্বাণীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগাল।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার জন্য ২০২৬ সালের আসরটি শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই বহু সমর্থকই অপেক্ষা করছেন, দীর্ঘ ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে রোনালদো কি শেষ পর্যন্ত অধরা বিশ্বকাপ ট্রফি জিততে পারবেন কিনা।
তবে কোয়াকু বনসামের এই ভবিষ্যদ্বাণী তার ব্যক্তিগত দাবি মাত্র। এর সত্যতা প্রমাণের মতো কোনো তথ্য বা বৈজ্ঞানিক ভিত্তি নেই, আর বিশ্বকাপের ফল নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্সের মাধ্যমেই।
