বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন নির্ধারিত মূল্য আজ শুক্রবার (২৬ জুন) থেকে কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যই অনুসরণ করা হবে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে।
এ ছাড়া নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার মূল্য ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি আরও জানায়, অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে নির্ধারিত হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া পুরোনো অলঙ্কার এক্সচেঞ্জ বা ক্রয়ের ক্ষেত্রে মজুরি, পাথরের মূল্য এবং নির্ধারিত ভ্যাট বাদ দিয়ে আগের নীতিমালাই বহাল থাকবে।

