ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় এই উদ্যোগের কথা জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, “থাই মামান গোল্ড রিং স্কিম” নামের এই কর্মসূচিকে শিশু কল্যাণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে গঠিত একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
তামিল সংস্কৃতিতে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেওয়ার একটি প্রচলিত রীতি রয়েছে, যা “থাই মামান সির” নামে পরিচিত। সেই ঐতিহ্যকে সামনে রেখেই নতুন এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর, যা সাবেক মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীর সঙ্গে মিল রেখে আয়োজন করা হবে।
সরকার এ কর্মসূচির জন্য বছরে প্রায় ৭৫৫ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দের পরিকল্পনা করেছে। নবজাতকদের পরিবারকে উৎসাহ দেওয়া এবং তামিল সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও শক্তিশালী করাই এর প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’ নির্বাচনী প্রচারণার সময় এই প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের দিকে এগোচ্ছে রাজ্য সরকার।
