চীনে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় উভয় নেতা ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সম্মতি দেন। পাশাপাশি রাজনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের গুরুত্বও তুলে ধরা হয়।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এছাড়া জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের উদ্যোগের প্রতি সমর্থন কামনা করেন ওলজাস বেকতেনভ। এ বিষয়ে বাংলাদেশ সহযোগিতার আশ্বাস প্রদান করে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version