মোটরযান বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সংস্থাটি জানিয়েছে, অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রির পরও নতুন মালিক নিবন্ধন হালনাগাদ না করায় বিভিন্ন কর, ফি ও আর্থিক দায় আগের মালিকের নামে থেকে যাচ্ছে। এতে বিক্রেতারা অপ্রত্যাশিত জটিলতার মুখে পড়ছেন।

প্রচলিত আইন অনুযায়ী, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। এ নিয়ম অনুসরণ না করলে কর, সারচার্জ এবং অন্যান্য আইনি দায়বদ্ধতা পুরোনো মালিকের ওপর বর্তাতে পারে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করার পর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে একই দিনেই মালিকানা হস্তান্তরের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। নতুন মালিক ডিজিটাল নিবন্ধন সনদের জন্যও প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন।

সংস্থাটি সতর্ক করেছে, মালিকানা পরিবর্তনের নিয়ম না মানলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই গাড়ি বিক্রয় বা ক্রয়ের পর দ্রুত নিবন্ধন হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version