মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত এক বিশেষ অভিবাসন অভিযানে ১১৮ জন বাংলাদেশিসহ মোট ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে কুয়ালালামপুরের পুডু মার্কেট এলাকায় অভিযানটি চালানো হয়। “অপস কুতিপ” নামের এ অভিযানে একাধিক আইনশৃঙ্খলা সংস্থা অংশ নেয়।
অভিযানের সময় প্রায় ৩২০ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। যাচাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮৬ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশি নাগরিক—মোট ১১৮ জন পুরুষ। এছাড়া ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, নেপাল, ভারত, পাকিস্তান ও চীনের নাগরিকরাও রয়েছেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আটক অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন, আবার কেউ কেউ বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছিলেন।
আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা অনুযায়ী তদন্ত চলছে। পরে তাদেরকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য অভিবাসন ডিটেনশন কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

