সংযুক্ত আরব আমিরাত বিদেশি নাগরিকদের জন্য একটি বিশেষ সুবিধা ঘোষণা করেছে, যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারস্টে জরিমানা ছাড়াই দেশ ত্যাগ বা ভিসা স্ট্যাটাস বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে।
দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি ICP UAE এই সিদ্ধান্ত জানিয়েছে।
ঘোষণা অনুযায়ী, ১০ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ গ্রেস পিরিয়ড চলবে ৯ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা নির্ধারিত সময়ের পরও দেশে অবস্থান করছেন, তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন অথবা নতুন ভিসার মাধ্যমে নিজেদের অবস্থান বৈধ করতে পারবেন।
কর্তৃপক্ষ জানায়, আঞ্চলিক ফ্লাইট বিঘ্নের কারণে যেসব প্রবাসী নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেননি, তাদের জন্য মানবিক বিবেচনায় এই সুযোগ দেওয়া হয়েছে। পূর্বে মার্চ মাসেও একই ধরনের পরিস্থিতিতে জরিমানা মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বর্তমানে আঞ্চলিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ওই জরিমানা মওকুফ নীতি আর কার্যকর থাকবে না বলেও জানানো হয়েছে। তাই এটিকে ক্ষতিগ্রস্তদের জন্য শেষ সুযোগ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
এছাড়া জানানো হয়, এই সুবিধা নিতে আলাদা কোনো জটিল আবেদন প্রক্রিয়া লাগবে না। যারা দেশে ফিরতে চান তারা সরাসরি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন, আর যারা থাকতে চান তারা নিয়ম অনুযায়ী ভিসা স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন।
কর্তৃপক্ষ সবাইকে শুধুমাত্র অফিসিয়াল তথ্যসূত্র অনুসরণ করতে এবং বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।

