দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় এসে চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কার্যকারিতা নিয়মিত মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কর্মসূচির আওতায় অর্থ ব্যয় ও সুবিধাভোগীদের অবস্থা প্রতি ছয় মাস অন্তর পর্যালোচনা করা হবে, আর উপকারভোগীদের তালিকা হালনাগাদ করা হবে প্রতি চার বছর পরপর।

সোমবার (১৫ জুন) ফ্যামিলি কার্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা এবং প্রকৃত সুবিধাভোগীরা সেবা পাচ্ছেন কিনা, তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি চার বছর অন্তর তালিকা পুনর্বিবেচনা করে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দেওয়া হবে।

বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশাসনিক ব্যয়ের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে সংশোধিত বাস্তবায়ন নির্দেশিকা চূড়ান্ত করা এবং ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে গত ১০ মার্চ কর্মসূচিটির উদ্বোধন করা হয়। বর্তমানে নিবন্ধিত সুবিধাভোগী নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন।

অর্থমন্ত্রী জানান, নতুন অর্থবছরের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে সমাজের সব শ্রেণির মানুষের প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়েছে এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধার বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সুবিধাভোগী নারীর মৃত্যু হলে সংশ্লিষ্ট পরিবারকে অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার সুযোগ রয়েছে। কৃষক কার্ড, ইউনিভার্সাল হেলথ কেয়ার কিংবা বয়স্ক ভাতার মতো বিভিন্ন সুরক্ষা ব্যবস্থাও তাদের জন্য উন্মুক্ত থাকবে।

তবে শুধু সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হয়ে জনগণকে দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সামাজিক সহায়তা প্রয়োজনীয় হলেও দেশের অগ্রগতির জন্য দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version