বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসানকে ব্রাজিলের জার্সি পরে ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত সাকিবকে এবার দেখা গেছে ব্রাজিলের জার্সিতে।

রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন তিনি। এ সময় তার পরনে ছিল ব্রাজিল দলের একটি বিশেষ জার্সি, যা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী বাংলাদেশি রবিন মিয়া সাকিবের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি মজার ছলে প্রশ্ন রাখেন, “ভাই কি আসলেই পল্টি মারলো?” এরপর থেকেই বিষয়টি নিয়ে অনলাইনে নানা মন্তব্য দেখা যায়।

রবিন মিয়ার সঙ্গে ব্রাজিল তারকা নেইমারের সুসম্পর্কের বিষয়টি আগে থেকেই পরিচিত। সম্প্রতি তিনি জানান, নেইমার ও তার বাবা তাকে কয়েকটি ব্যক্তিগতকৃত জার্সি এবং ব্রাজিল দলের ম্যাচের টিকিট উপহার দিয়েছেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে সাকিবের পরা জার্সির মিল থাকায় অনেকেই ধারণা করছেন, সেটি একই উৎস থেকে পাওয়া।

তবে ব্রাজিলের জার্সি পরলেও সাকিবের ফুটবল পছন্দ নিয়ে ভক্তদের মধ্যে খুব একটা দ্বিধা নেই। কারণ তিনি বহুবার প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন। ২০২২ বিশ্বকাপের সময়ও তাকে আর্জেন্টিনার জার্সি পরে দেখা গিয়েছিল।

ফুটবলপ্রেমী হিসেবে সাকিবের লিওনেল মেসির প্রতি বিশেষ অনুরাগ এবং ক্লাব ফুটবলে বার্সেলোনার সমর্থক হওয়ার বিষয়টিও তার অনুসারীদের কাছে সুপরিচিত।

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেই সুযোগে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিলের ম্যাচ সরাসরি উপভোগ করতে মাঠে উপস্থিত হন তিনি। আর ব্রাজিলের জার্সিতে তার উপস্থিতিই এখন আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে।

Share.
Leave A Reply

Exit mobile version