ঢাকা: প্রান্তিক গ্রাহকদের স্বস্তি দিতে আবাসিক খাতে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বিইআরসির কাছে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগের অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিইআরসির নতুন ঘোষণায় বলা হয়েছে, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির আবাসিক গ্রাহকদের জন্য লাইফলাইন (০-৫০ ইউনিট) শ্রেণিতে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য প্রতি ইউনিট মূল্য ৫ টাকা ২৬ পয়সা বহাল থাকবে। জুন মাসের বিল থেকে এই হার কার্যকর হবে।

এর ফলে নিম্ন আয়ের ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা পূর্বের নির্ধারিত হারেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করেছিল। সেই ঘোষণায় আবাসিক লাইফলাইন গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা করা হয়। একই সঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

তবে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ওই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তে দেশের লাখো নিম্ন ও মধ্যম আয়ের আবাসিক গ্রাহক কিছুটা স্বস্তি পাবেন।

Share.
Leave A Reply

Exit mobile version