পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চাধারীর বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল।

এ ঘটনায় গত ২২ মে লাহোরের চুং থানায় একটি এফআইআর দায়ের করেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগে মোমিনা দাবি করেছেন—সাকিব চাধারী তাকে এবং তার হবু স্বামীকে ফোন করে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

অভিযোগপত্রে মোমিনা ইকবাল উল্লেখ করেন, সাকিব চাধারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি আগে থেকেই দুই নারীর সঙ্গে বিবাহিত—এ তথ্য জানার পর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এরপর থেকেই তার প্রতি অশালীন আচরণ ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মোমিনার দাবি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা শুরু করেন ওই এমপিএ। অভিযোগপত্রে হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও কলের বিষয়ও উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তার বোনের ফোনেও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।

প্রতিবেদন অনুযায়ী, আইনজীবীদের সঙ্গে নিয়ে চুং থানায় যান মোমিনা ইকবাল এবং বিষয়টি থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ফাহিম ইমদাদকে অবহিত করেন।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

গত ২২ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মোমিনা ও সাকিব সংক্রান্ত মামলায় ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি দেওয়া হলে কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version