রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিহত শিশুটির বড় বোনের ভবিষ্যৎ দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

বৃহস্পতিবার রাতে মিরপুর-১১ নম্বর এলাকায় রামিসাদের বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার কথাও জানান বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে।

রামিসার স্বজনদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি পুরো ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও অবগত হন। এ সময় পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী,-এর প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ অন্যান্য কর্মকর্তারা।

গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ প্রথমে সন্দেহভাজন হিসেবে সোহেল রানার স্ত্রীকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

এ ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version