বিদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে Thailand সরকার। বর্তমানে বিশ্বের ৯৩টি দেশের নাগরিকরা দেশটিতে পৌঁছানোর পর সহজেই ভিসা সুবিধা পান। এতদিন এই ভিসার মেয়াদ ছিল ৬০ দিন, তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কিছু বিদেশি নাগরিক পর্যটক ভিসার সুযোগ নিয়ে ভিন্ন উদ্দেশ্যে দীর্ঘদিন অবস্থান করছেন। এ ধরনের অপব্যবহার ঠেকাতেই সরকার নতুন কড়াকড়ির পথে হাঁটছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু অন-অ্যারাইভাল ভিসাই নয়, অন্যান্য ভিসা ব্যবস্থাও আরও কঠোরভাবে যাচাই করা হবে। ভিসা নিয়ে কেউ যে উদ্দেশ্যে দেশে প্রবেশ করছেন, বাস্তবে তিনি সেই কাজই করছেন কি না—তা পর্যবেক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার।
বিশ্ব পর্যটনের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত Thailand-এ সারা বছরই বিদেশি পর্যটকদের ভিড় থাকে। তবে সাম্প্রতিক বিভিন্ন বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে পর্যটক আগমনে কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত দেশটিতে প্রায় ১ কোটি ১৪ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। আগের বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ৩ দশমিক ৪৩ শতাংশ কম।
