হামের টিকা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদন দায়ের করেন।

রিটে বলা হয়, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়।

রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল বলে জানান ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

তিনি দাবি করেন, দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বহু শিশু মারা গেছে এবং অসংখ্য শিশু ও সাধারণ মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে।

তার অভিযোগ, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার পেছনে অস্বচ্ছ সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা থাকতে পারে। এ কারণেই তদন্তের দাবি জানানো হয়েছে।

রিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যরা।

এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখনো হাইকোর্টের কোনো আদেশ পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version