মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, দ্রুত কোনো শান্তিচুক্তিতে অগ্রগতি না হলে ইরানের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে।

ফরাসি সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে তেহরানের জন্য সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে যুক্তিযুক্ত পথ। তবে সাম্প্রতিক চীন সফরেও ইরান ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প বলেন, একটি সমঝোতায় পৌঁছানো উভয় পক্ষের স্বার্থেই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান এখনো আলোচনার জন্য প্রস্তুত থাকলেও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকট রয়েছে। অতীত হামলা এবং পরস্পরবিরোধী বার্তার কারণে এই অবিশ্বাস তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ভবিষ্যতে নতুন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে তেহরান।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করেছে। গত মাসের যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, খুব শিগগিরই নতুন করে অভিযান শুরুর মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সম্ভাব্য অভিযানে ধ্বংসস্তূপের নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এতে বড় আকারের সামরিক মোতায়েনের প্রয়োজন হতে পারে এবং সরাসরি সংঘাতের আশঙ্কাও রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version