নানা জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে পরিচালক আরজে বালাজি-এর বহুল আলোচিত সিনেমা ‘করুপ্পু’। ছবির মুক্তির দিনই প্রেক্ষাগৃহে গিয়ে ফার্স্ট ডে-ফার্স্ট শো উপভোগ করেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।
তবে সিনেমা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশি আলোচনায় তৃষা এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়-কে ঘিরে গুঞ্জন। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সিনেমা হল থেকে বের হওয়ার সময় ভক্তদের ভিড়ে পড়েন তৃষা। এ সময় এক ভক্ত মজা করে বলেন, ‘থালাপতিকে বলবেন আমি তার খোঁজ নিয়েছি।’ এমন মন্তব্যে চারপাশে হাসির রোল পড়ে যায়।
জবাবে তৃষা হেসে ‘অবশ্যই’ বলেন এবং কিছুটা লাজুক ভঙ্গিতে দ্রুত গাড়িতে উঠে পড়েন। এই ছোট্ট ঘটনাই এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
সম্প্রতি বিজয়-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতিও নতুন করে জল্পনা বাড়িয়েছে। অনুষ্ঠানে বিজয়ের পরিবারের সদস্যদের মধ্যে অনেকে অনুপস্থিত থাকলেও তৃষাকে সেখানে দেখা যায়। এমনকি একাধিক ভিডিওতে তাকে আবেগাপ্লুত অবস্থায়ও দেখা গেছে।
এছাড়া বিজয়ের মা শোভা চন্দ্রশেখর-এর সঙ্গে তৃষার উষ্ণ আলিঙ্গনের দৃশ্যও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তৃষা লিখেছিলেন, “ভালোবাসার আওয়াজ সবসময়ই তীব্রতর হয়।”
উল্লেখ্য, বিজয় ১৯৯৯ সালে সঙ্গীতা সোর্নালিঙ্গম-কে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান রয়েছে। অন্যদিকে তৃষা ২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ান-এর সঙ্গে বাগদান করলেও তা পরে ভেঙে যায়।
সব মিলিয়ে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা-গুঞ্জন থাকলেও ‘করুপ্পু’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় তৃষার উপস্থিতি ভক্তদের মাঝে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে।
