বলিউডে নিজের অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অভিনেতা জুনাইদ খান। তিনি স্বীকার করেছেন, তারকা বাবা আমির খান–এর সন্তান হওয়ায় ক্যারিয়ারের শুরুতেই তিনি বাড়তি সুযোগ পেয়েছেন।
২০২৪ সালে Netflix-এ মুক্তিপ্রাপ্ত মহারাজ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জুনাইদের। ১৮৬২ সালের ঐতিহাসিক ‘মহারাজ মানহানি মামলা’ অবলম্বনে নির্মিত এই ছবিতে সাংবাদিক কারসানদাস মুলজির চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান। সিনেমাটি পরিচালনা করেন সিদ্ধার্থ পি মালহোত্রা। এতে আরও অভিনয় করেন জয়দীপ আহলাওয়াত, শালিনী পান্ডে ও শর্বরী।
তবে প্রশংসার পাশাপাশি বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে বিতর্কও তাকে ঘিরে রয়েছে। বিশেষ করে সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর পর এ আলোচনা আরও জোরালো হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনাইদ বলেন, নেপোটিজম শব্দটি তাকে অস্বস্তিতে ফেলে না। বরং তিনি স্পষ্টভাবেই স্বীকার করেন—“আমি আমির খানের ছেলে বলেই অনেক কাজ ও সুযোগ পাই।”
তার মতে, চলচ্চিত্র জগৎ শুধু শিল্প নয়, এটি একটি বড় ব্যবসাও। তাই নির্মাতারা অনেক সময় তারকা পরিবারের সদস্যদের বেছে নেন, কারণ তাদের প্রতি দর্শকদের আগ্রহ তুলনামূলক বেশি থাকে।
এই মন্তব্যের মাধ্যমে বলিউডে স্বজনপ্রীতি নিয়ে চলমান বিতর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন জুনাইদ খান।

