ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা দুই মাস ধরে চলা উত্তেজনাপূর্ণ সংঘাত এখনো পুরোপুরি শেষ না হলেও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে হরমুজ প্রণালির জাহাজ চলাচল। এরই মধ্যে কাতারের দ্বিতীয় এলএনজি ট্যাঙ্কার নিরাপদে হরমুজ অতিক্রম করে পাকিস্তানের দিকে যাত্রা অব্যাহত রেখেছে।

আন্তর্জাতিক শিপিং ডেটা অনুযায়ী, ‘মিহজেম’ নামের একটি কাতারি এলএনজি ট্যাঙ্কার বর্তমানে হরমুজ প্রণালি পেরিয়ে উত্তর-পূর্ব দিকে পাকিস্তানের পোর্ট কাসিম বন্দরের দিকে এগোচ্ছে। প্রায় ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজটি কাতারের রাস লাফান বন্দর থেকে যাত্রা শুরু করে। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার এটি পাকিস্তানে পৌঁছাবে।

এর আগে ‘আল খারাইতিয়াত’ নামের আরেকটি কাতারি ট্যাঙ্কার সফলভাবে একই রুট অতিক্রম করে। জাহাজটি ইরানের অনুমোদিত উত্তর করিডোর ব্যবহার করে নিরাপদে হরমুজ পার হয়।

বিশ্লেষকদের মতে, গত কয়েক মাস ধরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও তৈরি হয় উদ্বেগ।

বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ কাতার। বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ দেশটি থেকে আসে। তবে চলমান আঞ্চলিক সংঘাতের প্রভাবে কাতারের কিছু জ্বালানি স্থাপনা ও উৎপাদন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, কাতারের ট্যাঙ্কারগুলো আবারও নিয়মিতভাবে হরমুজ প্রণালি ব্যবহার শুরু করলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে এবং সরবরাহ সংকটের আশঙ্কাও কিছুটা কমবে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

Share.
Leave A Reply

Exit mobile version