
দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে জানা গেছে, গত দুই মাসের কম সময়ে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৪৭ হাজারের বেশি শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২৯ হাজার শিশু।
জনস্বার্থে দায়ের করা এ রিটে আক্রান্ত শিশুদের চিকিৎসা, টিকাদান কার্যক্রম জোরদার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হাম প্রতিরোধ সম্ভব। দেশের বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করছেন তারা।
