
কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ আয়োজনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেন।
শুভেন্দু অধিকারীর সঙ্গে একই দিনে নতুন মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য শপথ নেন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চল থেকেই প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের নেতাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জয় লাভ করেন। এছাড়া দিলীপ ঘোষ খড়্গপুর সদর, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর, ক্ষুদিরাম টুডু রানিবাঁধ এবং নিশীথ প্রামাণিক মাথাভাঙা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।
তবে নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই দপ্তর বণ্টনের তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ৪ মে প্রকাশিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে সরকার গঠনের দাবি করে। এরপর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিজেপির বিধায়ক দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হলে তাকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করেন অমিত শাহ।
