দেশের মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট জেলে ও খামারিদের আর্থিক সহায়তা জোরদার করতে তাদের কৃষক কার্ড ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার দুপুরে কাপ্তাই হ্রদ এলাকায় আয়োজিত পোনা অবমুক্তকরণ ও জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাছ ধরার সঙ্গে যুক্ত জেলেদের কৃষক কার্ডের অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে তারা সহজ শর্তে ঋণ সুবিধা পাবেন, যা তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, কৃষক কার্ডের মাধ্যমে প্রায় ১০ ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা মৎস্য খাতের উন্নয়ন ও সংশ্লিষ্টদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

এছাড়া মাছের উৎপাদন বাড়ানো এবং হ্রদের স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে কাপ্তাই হ্রদে দ্রুত খনন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, কাপ্তাই লেক দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী সম্পদ। তাই এটি দূষণমুক্ত রাখতে সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

Share.
Leave A Reply

Exit mobile version