দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা ‘সরকার’-এর গল্প যেন বাস্তবেই নতুন করে লেখা হচ্ছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে দেখা যায়, এক প্রবাসী ব্যবসায়ী ভোট দিতে দেশে ফিরে এসে জানতে পারেন তার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে। সেখান থেকেই শুরু হয় দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই, যা শেষ পর্যন্ত তাকে রাজনৈতিক নেতৃত্বে পৌঁছে দেয়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন থালাপতি বিজয়।
বাস্তব জীবনেও এবার রাজনীতির ময়দানে নেমে চমক দেখাচ্ছেন এই তারকা। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) গঠনের পর অল্প সময়ের মধ্যেই তিনি তামিল রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতি মূলত ডিএমকে ও এআইএডিএমকে—এই দুই দলের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল সেই প্রচলিত দ্বিমুখী রাজনীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জোসেফ বিজয় থেকে ‘থালাপতি’
পূর্ণ নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর—ভক্তদের কাছে যিনি ‘থালাপতি’ নামেই বেশি পরিচিত। ১৯৭৪ সালের ২২ জুন চেন্নাইয়ে জন্ম তার। বাবা এস. এ. চন্দ্রশেখর ছিলেন তামিল চলচ্চিত্রের পরিচিত পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর একজন গায়িকা।
শৈশব থেকেই শিল্পমুখী পরিবেশে বেড়ে ওঠা বিজয় খুব অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন। শিশু শিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও ১৯৯২ সালে ‘নালাইয়া থিরপু’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৩ সালের ‘থিরুমালাই’ সিনেমা তার ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এরপর ‘ঘিলি’, ‘থুপ্পাকি’ এবং ‘লিও’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি তামিল সিনেমার শীর্ষ তারকাদের একজন হয়ে ওঠেন।
এখন পর্যন্ত ৬৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ভক্তদের কাছে ‘থালাপতি’—অর্থাৎ ‘নেতা’—হিসেবে তার পরিচিতি শুধু পর্দাতেই সীমাবদ্ধ ছিল না, বাস্তবেও তার প্রভাব সুস্পষ্ট।
সিনেমা থেকে রাজনীতির ময়দান
ব্যক্তিজীবনে ১৯৯৯ সালে সঙ্গীথা সোরেশকে বিয়ে করেন বিজয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজেও তিনি সক্রিয় ছিলেন—বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার অবদান প্রশংসিত হয়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন এবং নিজের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ প্রতিষ্ঠা করেন। দল গঠনের কয়েক মাসের মধ্যেই তিনি জনসমর্থন অর্জনে সক্ষম হন।
অক্টোবর মাসে প্রথম বড় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “রাজনীতি সিনেমা নয়, এটি একটি যুদ্ধক্ষেত্র।” সম্প্রতি মাদুরাইয়ে আয়োজিত এক মহাসমাবেশে তিনি ঘোষণা দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সব মিলিয়ে, থালাপতি বিজয়ের এই রাজনৈতিক যাত্রা শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের নতুন অধ্যায়ই নয়, তামিলনাড়ুর রাজনীতিতেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
