ইরানে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের অভিযোগে হিসাম আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা গেছে, তাকে আটক করার পর নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে।
সূত্র জানায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে স্টারলিংক ব্যবহারের অভিযোগে হিসামকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়। এরপর কয়েক সপ্তাহ পর তার পরিবারকে মরদেহ সংগ্রহ করতে বলা হয়, যা ঘটনার রহস্য আরও ঘনীভূত করেছে।
ঘটনার পটভূমিতে জানা যায়, বিক্ষোভে গুলিবিদ্ধ নিজের ভাইয়ের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন হিসাম। সেখানে তার সঙ্গে থাকা ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
এক সপ্তাহ পর সেই ডিভাইস ফেরত নিতে গেলে তাকে আবার আটক করা হয় এবং পরে বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এ সময় তার বাসায় তল্লাশিও চালানো হয়।
সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাকে ব্যাপক মারধর করা হয় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তবে কর্তৃপক্ষ শুরুতে বিষয়টি গোপন রাখে এবং এমন আচরণ করে যেন তিনি এখনও জীবিত আছেন।
পরবর্তীতে কয়েক সপ্তাহ পর পুলিশ তার পরিবারকে মরদেহ গ্রহণের জন্য ডাকে।
এ ঘটনায় স্বাধীন তদন্তের দাবি উঠতে পারে বলে পর্যবেক্ষকদের ধারণা।
