ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগের জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন ইউরোপে শুরু হতে যাচ্ছে নতুন এক আসর—ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট প্রথমবারের মতো মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
প্রথম আসরে অংশ নেবে ছয়টি শহরভিত্তিক দল—গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম। এই লিগকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
এই টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার তিন পরিচিত মুখ—ফাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন এবং কিংবদন্তি জন্টি রোডস। তারা শুধু খেলোয়াড় হিসেবেই নন, বরং ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবেও যুক্ত হয়েছেন। ‘রটারডাম ডকার্স’ দলের মালিকানায় অংশ নিয়েছেন এই তিন তারকা, যেখানে নেতৃত্ব দেবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি।
লিগটির অন্যতম উদ্যোক্তা হিসেবে আছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। জানা গেছে, ছয়টি দলের মধ্যে ইতোমধ্যে পাঁচটির মালিকানা বিক্রি সম্পন্ন হয়েছে।
অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকেও নজর দিলে দেখা যায়, আমস্টারডাম দলের মালিকানায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্টিভ ওয়াহ এবং হকি তারকা জেমি ডয়ার। দলটির নেতৃত্বে থাকবেন মিচেল মার্শ। বেলফাস্ট দলের অন্যতম মালিক গ্লেন ম্যাক্সওয়েল।
এডিনবরা দলের মালিকানায় আছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম, আর অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন মিচেল স্যান্টনার।
গ্লাসগো দলের মালিকানায় যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল, যিনি এই লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। এছাড়া শোনা যাচ্ছে, ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও ভবিষ্যতে এই দলে যুক্ত হতে পারেন।
খেলোয়াড় এবং মালিক—দুটি ভূমিকায় নিজেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ফাফ ডু প্লেসি। তিনি জানান, এখনো বিষয়টি তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। মাঠে খেলা তার কাছে সবচেয়ে প্রিয়, তবে নতুন এই অভিজ্ঞতা তাকে দারুণভাবে রোমাঞ্চিত করছে।
বিশ্বজুড়ে এত ফ্র্যাঞ্চাইজি লিগের ভিড়ে কেন এই নতুন লিগে যুক্ত হলেন—এমন প্রশ্নের জবাবে ডু প্লেসি বলেন, নতুন কিছু গড়ে তোলার অংশ হতে চেয়েছেন তারা। তার মতে, এই লিগের সম্ভাবনা অনেক এবং শুরু থেকেই এর সঙ্গে যুক্ত হওয়াটা একটি বড় সুযোগ।
আইপিএলের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের বিপুল জনসংখ্যা ও বাজারের কারণে আইপিএল অন্য যেকোনো লিগের চেয়ে আলাদা। তবে ইউরোপিয়ান এই নতুন লিগও ভবিষ্যতে নিজেদের জায়গা তৈরি করতে পারে বলে বিশ্বাস তার।
