সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
অন্যদিকে, আরও পাঁচটি মামলায় তার জামিন সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগ আগামী ৩ মে সিদ্ধান্ত জানাবে। এর আগে ২৭ এপ্রিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে আটক করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে হাইকোর্ট থেকে পাঁচটি মামলায় জামিন পেলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করে। এর মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
