অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। দেশটির সেলাঙ্গর অঙ্গরাজ্যে একাধিক স্থানে অভিযান চালিয়ে বহু বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, পুত্রজায়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের নেতৃত্বে একযোগে আটটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেমেনিহ, সেরি কেম্বাঙ্গান, জেনজারোম, চেরাস এবং সেরদাংসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। প্রায় দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোট ৫২ জন কর্মকর্তা অংশ নেন।
অভিযানের সময় ৮৮ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে ৬৬ জন বিদেশি এবং ২২ জন স্থানীয় নাগরিক ছিলেন। পরে ২৯ থেকে ৫০ বছর বয়সী ৪৫ জন বিদেশিকে আটক করা হয়।
আটকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় তদন্ত চলছে।
একই অভিযানে অবৈধ শ্রমিক নিয়োগে জড়িত সন্দেহে স্থানীয় মালিকদের বিরুদ্ধে ৯টি সমন জারি করা হয়েছে, যা তদন্তে সহযোগিতার জন্য ব্যবহার করা হবে।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, অবৈধ শ্রমিক নিয়োগ ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আটক সব বিদেশিকে সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।


