ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান হতে যাচ্ছে। আদালতের নির্দেশনার পর তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আদালতের রায়ের বিরুদ্ধে তারা কোনো আপিল করবে না। কমিশনের এক সদস্য বলেন, যেহেতু সংশ্লিষ্ট মামলায় নির্বাচন কমিশন সরাসরি পক্ষভুক্ত ছিল না, তাই আপিল করার প্রয়োজন দেখছে না তারা। বরং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র গ্রহণের পর নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই করা হবে। সেখানে বৈধতা প্রমাণিত হলে এবং পরবর্তী কোনো আপিল প্রক্রিয়ায় টিকে গেলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।

নির্বাচনের তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। এরপর যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে ২২ ও ২৩ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

বর্তমানে বিভিন্ন জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অনেকেই বৈধতা পেয়েছেন এবং নির্বাচনী প্রতিযোগিতা এখন আরও জমে উঠার সম্ভাবনা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version