১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে নিয়মিত অংশ নিচ্ছে বাংলাদেশ পুরুষ হকি দল। তবে এবারই প্রথমবারের মতো নারী হকি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়ল লাল-সবুজের প্রতিনিধিরা।

চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য নারী হকি এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ। এই সুযোগ আসে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে।

এশিয়ান হকি ফেডারেশন আয়োজিত বাছাইপর্বে বাংলাদেশ ‘এ’ গ্রুপে অংশ নেয়। প্রথম ম্যাচেই চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে রুদ্ধশ্বাস ড্র করে দলটি। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসের পথে আরও এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ।

গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্সআপ হয়ে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করে তারা।

বাংলাদেশ হকির ইতিহাসে পুরুষ দল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে থাকলেও নারী হকির কোনো সিনিয়র জাতীয় দল ছিল না। বিকেএসপির প্রতিভাবান নারী খেলোয়াড়দের নিয়ে গড়া এই নতুন দল প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমেই বড় সাফল্য এনে দিয়েছে।

এই অর্জনকে বাংলাদেশ নারী হকির জন্য নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Share.
Leave A Reply

Exit mobile version