টালিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে ঘিরে আবারও আলোচনার সৃষ্টি হয়েছে। রেশন ও ফ্ল্যাটসংক্রান্ত দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে হাজিরা দেন। গত ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে গিয়ে প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।

জিজ্ঞাসাবাদ শেষে ইডি কার্যালয় থেকে বেরিয়ে এলেও গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি নুসরাত। তবে কিছুদিন পরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে ফের আলোচনায় আসেন তিনি।

নিজের কয়েকটি গ্ল্যামারাস ছবি শেয়ার করে দেওয়া ক্যাপশনে তিনি লেখেন, অভিযোগ-পাল্টা অভিযোগের ভিড়ে তিনি নিজের মতো করে শান্তি খোঁজার চেষ্টা করছেন এবং সত্য প্রকাশের অপেক্ষায় আছেন। পাশাপাশি সমালোচকদের উদ্দেশে কড়া বার্তাও দেন—যারা সমালোচনা করতে চান, তারা যেন নির্দ্বিধায় তা করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, রেশন দুর্নীতির একটি সূত্র ধরে তার নাম সামনে আসে। অতীতে বাংলাদেশে গম পাচার সংক্রান্ত অভিযোগের সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সে সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়।

এছাড়া রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আলোচিত একটি অবকাঠামো প্রতিষ্ঠানের সঙ্গেও তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার কারণেই তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা ও ট্রলিং বেড়েছে। দুর্নীতির অভিযোগের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের পুরোনো বিতর্কও নতুন করে সামনে টানা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version