বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাতে সেচ ব্যবস্থা সচল রাখা এবং শহর–গ্রামের মধ্যে বিদ্যুৎ বণ্টনের ভারসাম্য রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয়, সে বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি সামাল দিতেই লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version