রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জরুরি সংবাদ সম্মেলনে তেল সংকট ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেছেন দলটির নেতা নাহিদ ইসলাম।
রোববার (১৯ এপ্রিল) আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, তেল সংকট নিয়ে সরকার পুরোপুরি একটি নাটক করেছে। সংকট নেই বলে দাবি করলেও পরবর্তীতে দাম বাড়ানো হয়েছে, যা পরিকল্পিত পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন। তার অভিযোগ, সিন্ডিকেটের প্রভাবেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে।
রাজনৈতিক জোট সম্প্রসারণ প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বৃহত্তর ঐক্য গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টির সঙ্গে এনসিপি যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছে এবং পূর্বের রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের জেরে একজনকে গ্রেপ্তারের ঘটনাকে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি এর নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, রিফাত রশিদ ও সানি আব্দুল হকসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।
