ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ মে নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।
গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার দুই দিন পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে একাধিক ধারায় অভিযোগ আনা হয়, যা পরবর্তীতে হত্যার অভিযোগে রূপ নেয়।
পরবর্তীতে গোয়েন্দা পুলিশের দেওয়া চার্জশিটে অসন্তোষ জানিয়ে মামলার বাদী আদালতে নারাজি আবেদন করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।
বর্তমানে মামলায় মোট ১৭ জন অভিযুক্ত রয়েছে—এর মধ্যে ১১ জন কারাগারে এবং ৬ জন পলাতক।
