আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল—সব ধরনের জ্বালানির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আগামী রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে। এই নির্দেশনা অনুযায়ী দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশকদের নির্ধারিত দামে জ্বালানি বিক্রি করতে হবে।
এর আগে মার্চের শেষ দিকে জারি করা এক আদেশে এপ্রিল মাসের জন্য জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছিল তুলনামূলক কম। তখন ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারিত ছিল। ফেব্রুয়ারি ও মার্চ মাসে এসব দামে জ্বালানি বিক্রি হয়েছে। এরও আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ধাপে ধাপে জ্বালানির দাম কিছুটা কমানো হয়েছিল।