আশা করি, আর কখনো দেশে গণতন্ত্র হারিয়ে যাবে না—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার জানান, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই ভবিষ্যতে যেন এই গণতন্ত্র আর কখনো বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একসঙ্গে আন্দোলন করেছেন, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, যারা বিদেশে অবস্থান করছে, তারা ফিরে এসে আবারও দুঃশাসন প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে।
দেশের সাম্প্রতিক অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৬ বছর ছিল জাতীয় জীবনের একটি অন্ধকার অধ্যায়। সে সময় নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল এবং সাধারণ মানুষের অধিকারও যথাযথভাবে রক্ষা পায়নি। গণতন্ত্র ও মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এছাড়া, তিনি বিরোধী দলকে অযথা সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে সরকারের প্রতিও আহ্বান জানান।
