উত্তর কোরিয়া সম্প্রতি একটি যুদ্ধজাহাজ থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জাহাজ বিধ্বংসী মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষার তদারকি করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, গত ১২ এপ্রিল এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি উত্তর কোরিয়ার সাম্প্রতিক ধারাবাহিক সামরিক পরীক্ষার অংশ।

প্রতিবেদন অনুযায়ী, দুটি কৌশলগত ক্রুজ মিসাইল প্রায় দুই ঘণ্টার বেশি সময় আকাশে উড়েছে। অন্যদিকে, জাহাজ ধ্বংসে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় উড্ডয়ন করে।

ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত রুট অনুসরণ করে পশ্চিম সাগরের আকাশপথে উড়ে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানানো হয়েছে।

এই পরীক্ষা চালানো হয় উত্তর কোরিয়ার ৫ হাজার টন ক্ষমতাসম্পন্ন একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে। এই ধরনের যুদ্ধজাহাজ দেশটির নৌ-শক্তি বৃদ্ধির অংশ হিসেবে সম্প্রতি অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় জাহাজ থেকে আগুন ও ধোঁয়া ছড়িয়ে তা আকাশে উঠে যাচ্ছে। আরেকটি ছবিতে কিম জং উনকে সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরীক্ষাটি পর্যবেক্ষণ করতে দেখা যায়।

এছাড়া, নির্মাণাধীন নতুন যুদ্ধজাহাজগুলোর অস্ত্রব্যবস্থা সম্পর্কেও তাকে অবহিত করা হয়েছে। তিনি নৌ-সামরিক সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

কিম জং উন দেশটির প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version