কৃষকদের জন্য নতুন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সড়কপথে তিনি শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান। দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে কার্ড বিতরণ শুরু হয়। এ সময় কৃষকদের হাতে কার্ডের পাশাপাশি গাছের চারাও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও নয়টি উপজেলায় একযোগে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।

প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের আওতায় আসছেন। সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা বছরে আর্থিক সহায়তা, পরিচয় নিবন্ধন, ভর্তুকি, কৃষিঋণ, বীজ ও সারসহ মোট ১০ ধরনের সুবিধা পাবেন।

এ উদ্যোগের ফলে কৃষি সহায়তা বণ্টনে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং প্রকৃত কৃষকের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো সহজ হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। একই সঙ্গে কৃষকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ।

অনুষ্ঠান উপলক্ষে শহীদ মারুফ স্টেডিয়ামে মঞ্চ নির্মাণ, সৌন্দর্য বৃদ্ধি এবং বিভিন্ন সংস্কার কাজ সম্পন্ন করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version