রাজধানীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন করে কঠোর অবস্থানে গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পথচারীরা নির্ধারিত স্থান ব্যবহার না করে রাস্তা পারাপার করলে তাদের বিরুদ্ধে জেল ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে চালক ও পথচারী—উভয়ের জন্যই নতুন নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে কোনো পথচারী যদি ট্রাফিক সংকেত অমান্য করেন বা জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ কিংবা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

এছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করালে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা এবং চালকের লাইসেন্সে এক পয়েন্ট কাটা হবে। অন্যদিকে উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাহাঙ্গীর গেট এবং গুলশানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

এছাড়া মানিক মিয়া এভিনিউ, মৌচাকসহ বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী সিগন্যাল বসানো হয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আরও কিছু গুরুত্বপূর্ণ মোড়ে নতুন সিগন্যাল স্থাপন করেছে, যা দ্রুত চালু হবে।

পথচারীদের নিরাপদে চলাচলের জন্য ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version