ইরানের হাতে বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালি খুলতে যুদ্ধে জড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত—এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে আবুধাবি। দেশটি বলছে, এটি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য। খবর আনাদালু এজেন্সি
বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে আমিরাতের এক কর্মকর্তা বলেন, যুদ্ধে জড়াতের অবস্থান পরিবর্তন হয়েছে—এমন খবর ‘বিভ্রান্তিকর’। আমিরাত এই প্রণালিরি নিরাপত্তা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চায়।
তিনি জানান, আমিরাত প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রেখেছে এবং নিজেদের সার্বভৌমত্ব, জনগণ ও অবকাঠামো রক্ষায় কাজ করছে। পাশাপাশি, যেকোনো উসকানিমূলক হামলার জবাবে আত্মরক্ষার অধিকারও সংরক্ষণ করছে।
এই বক্তব্য আসে হরমুজ প্রণালি ইস্যুতে এক প্রতিবেদনের পর। যেখানে দাবি করা হয়—প্রণালীটি পুনরায় চালু করতে আমিরাত প্রয়োজনে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত। তবে আমিরাত এ দাবি অস্বীকার করে বলেছে, তারা বরং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ কোনো দেশের দ্বারা বিঘ্নিত বা নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়, বিশেষ করে এমনভাবে যা বৈশ্বিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর থেকেই ইরান হরমুজ প্রণালিতে চাপ বাড়িয়েছে। এতে কার্যত ব্যহত হয়ে পড়েছে বিশ্বের তেল বাণিজ্য। বিশ্বে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এর বিঘ্ন ঘটায় তেলের দাম বৃদ্ধি, জাহাজ চলাচলে বাধা এবং বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
