ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার। বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে এক মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে সেবাগ্রহীতাদের আবাসিক বিভাগগুলোতে (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময়ের জন্য নির্ধারিত ফি এবং এর ফলে সৃষ্ট জরিমানা থেকে সবাইকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
পর্তুগালে বাঙালি অধ্যুষিত এলাকায় গুলির ঘটনা, বাংলাদেশিসহ আহত ৪
কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী, ২০ নম্বর (খাদেম) ভিসাধারীরা ৪ মাস এবং ১৮ নম্বর (শোন) ভিসাধারীরা সর্বোচ্চ ৬ মাস দেশের বাইরে থাকতে পারেন; এর বেশি সময় অতিবাহিত হলে সাধারণত তাদের আকামা বাতিল হয়ে যায়। তবে কুয়েত সরকার প্রবাসীদের সুবিধার্থে এই ছুটির মেয়াদ অতিরিক্ত ৩ মাস বৃদ্ধি করেছে। ফলে যাদের ছুটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা দ্রুত শেষ হতে যাচ্ছে, তারা স্বয়ংক্রিয়ভাবে আরও ৩ মাস অতিরিক্ত সময় পাবেন।
এই বর্ধিত সময়সীমা বা অনুপস্থিতির অনুমতি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, যার জন্য প্রবাসীদের কোনো প্রকার বাড়তি ফি দিতে হবে না। এছাড়া দেশটির মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
