গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য রুট হরমুজ প্রণালী বন্ধ রাখার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। শত্রুপক্ষের ওপর “পর্যাপ্ত চাপ” সৃষ্টি না হওয়া পর্যন্ত এই প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল Ebrahim Jabbari সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮১ ডলার। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলে খুব শিগগিরই এই দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ যদি এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে আইআরজিসির নৌ ও স্থলবাহিনী সরাসরি গুলি চালাবে।
উল্লেখ্য, Strait of Hormuz আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ। প্রতিদিন বিশ্বে পরিবাহিত মোট তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশ এই রুট দিয়ে চলাচল করে।
জেনারেল জাবারি আরও বলেন, শুধু সমুদ্রপথ নয়, মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের পাইপলাইনগুলোও লক্ষ্যবস্তু করা হবে। “যতদিন পর্যন্ত শত্রুদের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি না করা যাচ্ছে, ততদিন এই অবস্থা চলবে,”—যোগ করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, বিপুল ঋণের বোঝায় থাকা দেশটি এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল। “এক ফোঁটা তেলও তারা পাবে না,”—কড়া ভাষায় মন্তব্য করেন আইআরজিসি কমান্ডার।
